AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষা খাত আধুনিকায়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০৯ পিএম, ১৯ জুন, ২০২৬

শিক্ষা খাত আধুনিকায়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, পরিমার্জিত ও সময়োপযোগী করে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী এই টুর্নামেন্টকে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

বাণীতে তিনি বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষা খাতের উন্নয়ন ও আধুনিকায়নে কাজ চলছে। এর অংশ হিসেবে পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, পর্যায়ক্রমে চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতারসহ বিভিন্ন খেলাকে পাঠ্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। একটি দক্ষ, আত্মবিশ্বাসী ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে পাঠ্যবইভিত্তিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, কেবল তাত্ত্বিক নয়, ব্যবহারিক ক্লাস ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ত করা হলে মাদকাসক্তি ও মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।

বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এবারের টুর্নামেন্টে বালক ও বালিকা উভয় দলই সমান সুযোগ নিয়ে অংশগ্রহণ করছে। চলতি বছর সারা দেশে বালক ও বালিকা বিভাগ মিলিয়ে মোট ১ লাখ ২৩ হাজার ৯৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যা আয়োজনে বিশ্বের অন্যতম বৃহৎ ফুটবল টুর্নামেন্ট হিসেবে বিবেচিত।

তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকে উৎসাহিত করছে। এর ফলেই দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণরা, বিশেষ করে ফুটবলে, উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে।

বাণীর শেষে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের গৌরব বৃদ্ধি করবে এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। একই সঙ্গে তিনি ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর সার্বিক সাফল্য কামনা করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!