AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিজ নিজ ধর্মীয় রীতি মেনেই স্পিকারকে সম্মান জানাবেন এমপিরা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৩৩ পিএম, ১৮ জুন, ২০২৬

নিজ নিজ ধর্মীয় রীতি মেনেই স্পিকারকে সম্মান জানাবেন এমপিরা

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ বা বের হওয়ার সময় স্পিকার বা সভাপতির প্রতি মাথা নত করে (বো) অভিবাদন জানানোর দীর্ঘদিনের প্রচলিত রীতিতে পরিবর্তন এসেছে। এখন থেকে সংসদ সদস্যরা (এমপি) নিজেদের ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতি অনুযায়ী সংসদের স্পিকারকে সম্মান প্রদর্শন করতে পারবেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দেন।

কার্যপ্রণালি বিধির একটি রুলিং দিতে গিয়ে স্পিকার উল্লেখ করেন, অতীতে সংসদে প্রবেশ বা আসন গ্রহণের সময় মাথা নত করে সম্মান জানানোর বাধ্যবাধকতা থাকলেও ২০০৬ সালের সংশোধনের মাধ্যমে ওই বাধ্যবাধকতা বিলুপ্ত করা হয়।

তিনি জানান, ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করে মাথা নত করে সম্মান জানানোর নিয়ম নিয়ে আপত্তি জানান। তিনি বলেন, বিধি সংশোধনের পর এ ধরনের বাধ্যবাধকতা আর নেই। পরবর্তীতে স্পিকার বিষয়টি যাচাই করে সিদ্ধান্ত দেওয়ার আশ্বাস দেন। একই বিষয়ে পরদিন বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকও দ্রুত সমাধানের আহ্বান জানান।

এর ধারাবাহিকতায় আজ স্পিকার চূড়ান্ত ব্যাখ্যায় কার্যপ্রণালি বিধির ২৬৭(১) উপবিধির কথা উল্লেখ করেন। সেখানে বলা আছে, অধিবেশন চলাকালে কোনো সদস্য সংসদে প্রবেশ, বের হওয়া, আসন গ্রহণ বা ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন।

স্পিকার আরও জানান, ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর অষ্টম জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির প্রতিবেদন ২৬ সেপ্টেম্বর সংসদে গৃহীত হয়। ওই সংশোধনীর মাধ্যমেই ‘ঝুঁকিয়া’ শব্দটি বিধি থেকে বাদ দেওয়া হয়।

এ পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, যেহেতু ‘ঝুঁকিয়া’ শব্দটি কার্যপ্রণালি বিধি থেকে সরিয়ে ফেলা হয়েছে, তাই এখন থেকে এমপিরা নিজ নিজ ধর্মীয় রীতি ও অনুশাসন অনুযায়ী স্পিকার বা সভাপতির প্রতি সম্মান জানাতে পারবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!