AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৫ পিএম, ৩০ মে, ২০২৬

দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়ন ও গঠনে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (৩০ মে) রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা অঙ্গীকার করি সমাজের সবাইকে বিভিন্নভাবে একে অপরের সাহায্য-সহযোগিতা করবো। একজন নাগরিক হিসেবে যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে একে অপরকে সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।”

অনুষ্ঠানটি সড়কের পাশে আয়োজন করায় সাধারণ মানুষের চলাচলে কিছুটা অসুবিধা হচ্ছে উল্লেখ করে তিনি বক্তব্য সংক্ষিপ্ত রাখেন।

তিনি বলেন, “দেখুন কত গাড়ি চলাচল করছে, মানুষের কিছুটা কষ্ট হচ্ছে। তাই আজকের কর্মসূচি সংক্ষিপ্ত করেছি।”

দেশ গঠনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা কাজ করছেন, তাদের সহযোগিতা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আসুন, আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে দেশ গঠনের কাজে নিয়োজিত মানুষদের সহযোগিতা করি, তাদের পাশে দাঁড়াই।”

সাংগঠনিক বিষয় নিয়ে অন্য সময় বিস্তারিত আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, “ইনশাআল্লাহ আরেকদিন সভা-সমাবেশে বসে সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়ে আলোচনা করবো।”

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউস্থ রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচির মাধ্যমে দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ১৬টি স্থানে আয়োজিত দিনব্যাপী মানবিক কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের কথা রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!