AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:৫৬ পিএম, ২৭ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি সমাজের সচ্ছল ও বিত্তবানদের প্রতি কোরবানির আনন্দ দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ঈদুল আজহা শুধু মুসলমানদের ধর্মীয় উৎসব নয়, এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং হিংসা-বিদ্বেষ পরিহারের এক মহান শিক্ষা। মহান আল্লাহর প্রতি আত্মসমর্পণ, আনুগত্য ও সামাজিক সাম্যের অনন্য দৃষ্টান্ত বহন করে এ উৎসব।

তিনি বলেন, মহান আল্লাহর নির্দেশ পালনে হযরত ইবরাহিম (আ.) তাঁর প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে প্রস্তুত হয়ে যে ধৈর্য, বিশ্বাস ও আনুগত্যের নজির স্থাপন করেছিলেন, তা মানবজাতির জন্য চিরন্তন আদর্শ হয়ে রয়েছে। এই ঘটনা মানুষকে আল্লাহভীতি, ন্যায়পরায়ণতা ও ত্যাগের শিক্ষা দেয়।

রাষ্ট্রপতি আরও বলেন, কোরবানির মাংস আত্মীয়স্বজন, প্রতিবেশী ও দরিদ্র মানুষের মধ্যে বণ্টনের মাধ্যমে সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়। একইসঙ্গে ঈদের সময় গরিব মানুষের আমিষের চাহিদা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে।

তিনি নির্ধারিত স্থানে কোরবানি দেওয়া এবং বর্জ্য দ্রুত অপসারণের মাধ্যমে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ঈদুল আজহার শিক্ষাকে ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সততা, মানবিকতা, সহনশীলতা ও ত্যাগের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। বিভেদ ও হিংসা পরিহার করে সম্প্রীতি, সৌহার্দ্য ও উদারতার চেতনায় একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সবশেষে রাষ্ট্রপতি মহান আল্লাহর কাছে দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করেন এবং সবার কোরবানি কবুল হওয়ার প্রার্থনা জানান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!