ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে সংসদটি পূর্ণাঙ্গ রূপ পেয়েছে।
রোববার (৩ মে) রাতে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, পূর্ব ব্লকের লেভেল-১-এ রাত ৯টায় এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, মোট ৫৩টি মনোনয়নপত্র জমা পড়লেও যাচাই-বাছাই শেষে ৪৯ জন বৈধ প্রার্থী নির্বাচিত হন। তাদের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থী রয়েছেন।
বিএনপির ৩৬ নির্বাচিত নারী সংসদ সদস্য (এমপি) হলেন - সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
জামায়াত জোটের ১২ এমপি হলেন- নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি: মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জি: মাহবুবা হাকিম।
এছাড়া স্বতন্ত্র জোটের সুলতানা জেসমিনকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।
শপথ গ্রহণের মাধ্যমে নতুন নির্বাচিত নারী সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং সংসদের কার্যক্রমে অংশ নেওয়ার পথ উন্মুক্ত হয়।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

