উত্তরবঙ্গ সফরের পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় আনার প্রস্তুতি নেওয়া হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর পৌঁছানোর পরপরই তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। পরে তাকে দ্রুত সৈয়দপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
স্থানীয় সূত্র জানায়, প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হচ্ছে।
লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রী নির্ধারিত সফরে লালমনিরহাট যাচ্ছিলেন। তবে সৈয়দপুরে পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
দলীয় নেতাকর্মীদের দাবি, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

