প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৯ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে সভার কার্যক্রম শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় বিভিন্ন উন্নয়নমূলক ও অবকাঠামোগত প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে, একসময় কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়ে আলোচনায় থাকা মিরসরাইয়ের ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্পটি আর এগোয়নি। প্রায় ৯০০ একর জমিতে ৯১৯ কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া প্রকল্পটি অন্তর্বর্তীকালীন সরকার চলতি বছরের ফেব্রুয়ারিতে বাতিল করে।
অন্যদিকে, এক লাখ মানুষের কর্মসংস্থান এবং ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নিয়ে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ প্রকল্প একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপিত হতে পারে।
প্রস্তাবিত প্রকল্পটি ৮০০ একর জমির ওপর বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এর সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১৯০ কোটি টাকা। কর্ণফুলী নদীর মোহনার কাছাকাছি এলাকায় শিল্পাঞ্চলটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের অর্থায়নে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৭২২ কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়া প্রকল্প সহায়তা হিসেবে চীন প্রায় ২ হাজার ৪৬৭ কোটি টাকা দেবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়ন কাজ চলবে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

