বরিশাল ও রংপুরসহ দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। শনিবার (১৪ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। রাজশাহী সিটি করপোরেশনে নিয়োগ দেওয়া হয়েছে মো. মাহফুজুর রহমানকে। ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. রুকুনুজ্জামান রোকন।
এছাড়া রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইউসুফ মোল্লা।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তারা নির্ধারিত ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল স্থানীয় সরকার বিভাগ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

