দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার (৪ জুন) রাতে তিনি ঢাকায় আসেন। প্রায় ছয় বছর পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম বাংলাদেশ সফর।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও উপস্থিত ছিলেন।
দক্ষিণ কোরিয়া সফর শেষে ঢাকায় আসা হাকান ফিদানের এ সফরটি ২০২০ সালের ডিসেম্বরের পর কোনো তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর হিসেবে গুরুত্ব বহন করছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম উচ্চপর্যায়ের সফর হওয়ায় এটি বিশেষ তাৎপর্যপূর্ণ।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। বৈঠকে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, প্রতিরক্ষা ও মানবিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
পরে তিনি কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। সেখানে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি এবং তুরস্কের মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে সরেজমিনে ধারণা নেবেন।
সফরের শেষ দিনে শনিবার (৬ জুন) তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্কের রাজধানী আঙ্কারা সফর করেন। সেই সফরের ধারাবাহিকতায় হাকান ফিদানের এই ঢাকা সফর অনুষ্ঠিত হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

