রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে। বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই নতুন রাজনৈতিক বাস্তবতায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম সংসদ অধিবেশন। প্রথম দিনেই সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার কথা রয়েছে। সংসদের বিধি অনুযায়ী তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই দিন সংসদে ভাষণও দেবেন তিনি।
বুধবার (১১ মার্চ) ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদের প্রথম অধিবেশনেই কয়েকটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত আসতে পারে।
তিনি আরও জানান, আজকের অধিবেশনের পর আগামী ১৫ মার্চ আবার সংসদ বসতে পারে। এরপর কিছুদিনের জন্য বিরতি দেওয়ার সম্ভাবনা রয়েছে। সংসদের কার্যক্রম পরিচালনায় জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো গুরুত্ব পাবে বলেও জানান তিনি।
এদিকে অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ব্যাপক সংস্কার কাজ করা হয়েছে। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের সময় বিক্ষোভকারীরা সংসদ ভবনের বিভিন্ন এলাকায় প্রবেশ করলে সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়। পরে গণপূর্ত বিভাগ ও সংসদ সচিবালয় যৌথভাবে সংস্কারকাজ সম্পন্ন করে, যার ব্যয় প্রায় শতকোটি টাকা ছাড়িয়েছে বলে জানা গেছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে বিএনপি ২০৯টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। বাকি আসনগুলোতে জয়ী হয়েছে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা।
সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সংসদ কার্যকর হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি শপথের পর বিএনপি জোটের সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। অন্যদিকে বিরোধী জোটের বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

