‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে আজ (১৭ জুন) মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে ঘিরে জেলা প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর এলাকায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে তিনি দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় অংশ নেবেন।
সফর উপলক্ষে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল এলাকায় বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত প্রস্তুতি জোরদার করা হয়েছে। মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-মৌলভীবাজার সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে এবং প্রধানমন্ত্রীর যাতায়াতের সম্ভাব্য সড়কগুলো সংস্কার ও পরিচ্ছন্ন করা হয়েছে।
এ ছাড়া জেলা সার্কিট হাউস প্রস্তুত করা হয়েছে এবং জেলা শহর ও শ্রীমঙ্গল শহরের ফুটপাত দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
সভাস্থল হিসেবে নির্ধারিত ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ নির্মাণ ও প্রয়োজনীয় প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে এবং দলের পক্ষ থেকে সফর উপলক্ষে সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

