শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন করায় নেপাল সরকার ও দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।
পোস্টে তারেক রহমান লেখেন, গত ৫ মার্চ অনুষ্ঠিত শান্তিপূর্ণ সংসদীয় নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে অভিনন্দন। এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া নেপালের জনগণের প্রত্যাশা, স্থিতিশীলতা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শক্তির প্রতিফলন।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও নেপালের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি।
প্রসঙ্গত, গত বছর দেশটিতে ‘জেন-জি অভ্যুত্থান’-এর মাধ্যমে সরকার পতনের পর গত বৃহস্পতিবার প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিবর্তনের প্রত্যাশা নিয়ে লাখো ভোটার এ নির্বাচনে অংশ নেন।
নতুন সরকার গঠনের লক্ষ্যে প্রায় ১ কোটি ১৩ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২৭৫ সদস্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের মধ্যে ১৬৫ আসনে সরাসরি ভোটের মাধ্যমে এবং ১১০ আসনে পার্টি তালিকা পদ্ধতিতে প্রতিনিধিরা নির্বাচিত হবেন।
বর্তমানে ভোট গণনা চলছে। প্রাথমিক ফলাফলে তরুণদের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) প্রায় ১১০ আসনে এগিয়ে রয়েছে। দলটি বড় জয় পেয়ে সরকার গঠন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

