AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৬:১৫ পিএম, ১৯ জুন, ২০২৬

মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে তালহা স্পিনিং মিলের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০টা থেকে প্রায় পৌনে ১টা পর্যন্ত চলা এ অবরোধে মহাসড়কের উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহনের চালকেরা।

শ্রমিকরা জানান, কারখানার মে মাসের বেতন বুধবার (১৭ জুন) পরিশোধের কথা থাকলেও তা দেওয়া হয়নি। কারখানা কর্তৃপক্ষ পরদিন বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা কাজ চালিয়ে যান। কিন্তু বৃহস্পতিবারও দিনভর কাজ করার পর বেতন পরিশোধের বিষয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

তাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ একাধিকবার বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বারবার সময়ক্ষেপণ করছে। এর প্রতিবাদে রাত ১০টার দিকে শ্রমিকরা শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং সড়ক অবরোধ করেন।

অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ, শ্রীপুর থানা পুলিশ এবং শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

পরে শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান। এর পর রাত ১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “বিক্ষোভকারী শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বকেয়া বেতন পরিশোধের বিষয়ে সমাধানের চেষ্টা করা হয়েছিল। তবে তাৎক্ষণিক সমাধান না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ব্যবস্থা নেয়। পরে শ্রমিকরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!