AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আইনমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০৬ পিএম, ১৮ জুন, ২০২৬

প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আইনমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং একটি স্বনির্ভর রাষ্ট্র গঠনের পথ সুগম করবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের দশম দিনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট একটি স্বপ্নবিলাসী ও উচ্চাভিলাষী বাজেট। তার ভাষায়, “যে জাতি স্বপ্ন দেখতে পারে না, সে জাতি এগিয়ে যেতে পারে না। উচ্চাভিলাষ ছাড়া উন্নয়ন সম্ভব নয়।”

তিনি বলেন, অতীতে বাজেটকে ‘গরিব মারার’ বা ‘বড়লোকের বাজেট’ বলে সমালোচনা করা হলেও এবার তেমন প্রতিক্রিয়া দেখা যায়নি। কারণ এই বাজেট প্রণয়নে গরিব, মধ্যবিত্ত, প্রান্তিক জনগোষ্ঠী, ব্যবসায়ী এবং কর্মপ্রত্যাশী তরুণদের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, সরকারের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতায় বাজেটটি প্রণয়ন করা হয়েছে। এটি দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে সুপরিকল্পিত উদ্যোগের বাস্তব প্রতিফলন।

কৃষি খাত প্রসঙ্গে তিনি বলেন, কৃষি ভর্তুকি অব্যাহত রাখা হয়েছে এবং কৃষকদের জন্য কৃষি কার্ড, উৎপাদন বৃদ্ধির উদ্যোগ ও বিভিন্ন সহায়তা কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতা বাড়িয়ে প্রান্তিক মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা খাতে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে আইনমন্ত্রী জানান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার উন্নয়নে অতিরিক্ত প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া স্বাস্থ্য, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের সময় অর্থপাচার, ব্যাংক খাতের দুর্বলতা এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মতো নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। এসব পরিস্থিতির মধ্যেও একটি বাস্তবমুখী ও উন্নয়নবান্ধব বাজেট উপস্থাপন করা হয়েছে।

কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে খাল ও নদী পুনঃখনন, ব্যাপক বৃক্ষরোপণ এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর-সুবিধা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।

তিনি আরও বলেন, সরকার লুটপাট ও অর্থপাচারনির্ভর অর্থনীতির পরিবর্তে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানবিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চায়। তার মতে, প্রস্তাবিত বাজেট সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এতে দেশের উন্নয়ন, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও সুশাসনের রূপরেখা প্রতিফলিত হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!