দীর্ঘদিনের বিনোদন সংকট কাটিয়ে মাদারীপুরের শিবচর উপজেলায় চালু হতে যাচ্ছে আধুনিক শিবচর পৌর শিশু পার্ক। প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে ময়নাকাটা নদীর তীরে নির্মিত এ পার্কের ৯৭ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী জুলাই মাসে পার্কটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। শিশুদের মানসিক বিকাশ, পারিবারিক বিনোদন এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে এ উদ্যোগ।
পৌরসভা সূত্রে জানা গেছে, শিবচর পৌরসভার বড় দোয়ালী এলাকায় প্রায় ৫ একর জমির ওপর পার্কটি নির্মাণ করা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে প্রথম ধাপে ১৬ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে কাজ শুরু হয়। পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় ধাপে আরও ৬ কোটি ৫৬ লাখ টাকার উন্নয়নকাজ যুক্ত করা হয়। সব মিলিয়ে প্রকল্পটির ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৩ কোটি টাকা।
বর্তমানে পার্কটির অধিকাংশ অবকাঠামোগত কাজ শেষ হয়েছে। বিদ্যুৎ সংযোগসহ কিছু আনুষঙ্গিক কাজ সম্পন্ন হলেই এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।
শিশু-কিশোর ও পরিবারের সদস্যদের বিনোদনের জন্য পার্কে রাখা হয়েছে নাগরদোলা, জাম্পিং ক্যাঙ্গারু, বাম্পার কার, হ্যাপি সুইং, বিশাল যান্ত্রিক দোলনা এবং লাইন ডি মুভি রাইডসহ মোট ১৪টি আধুনিক রাইড। রাজধানীর বিজয়নগরের ঠিকাদারি প্রতিষ্ঠান শরীফ অ্যান্ড সন্স নির্মাণকাজ বাস্তবায়ন করছে।
.jpg)
উদ্বোধনের আগেই পার্কটি দেখতে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। দর্শনার্থী সানজিদা আক্তার লামিয়া বলেন, “প্রত্যন্ত এলাকায় এত বড় ও আধুনিক পার্ক হবে, তা ভাবিনি। বাইরে থেকেই এর সৌন্দর্য মুগ্ধ করেছে। উদ্বোধনের পর পরিবার নিয়ে ঘুরতে আসার ইচ্ছা রয়েছে।”
স্কুলশিক্ষার্থী জুনায়েত বলে, “শিবচরে ভালো কোনো বিনোদনকেন্দ্র নেই। নতুন এই পার্ক চালু হলে বন্ধুদের নিয়ে নিয়মিত আসব এবং বিভিন্ন রাইডে চড়ে আনন্দ করতে পারব।”
শিবচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের খান বলেন, “উপজেলায় বিনোদনের উপযুক্ত স্থান না থাকায় মানুষকে অন্যত্র যেতে হয়। শিশু পার্কটি চালু হলে স্থানীয়দের বিনোদনের বড় একটি চাহিদা পূরণ হবে। পাশাপাশি রাইডের ভাড়া যেন সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে থাকে, সে বিষয়েও নজর দেওয়া প্রয়োজন।”
শিবচর পৌরসভার প্রশাসক শাইখা সুলতানা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা দ্রুতগতিতে কাজ করছেন। জুন মাসের মধ্যেই প্রকল্পের সব কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এরপর দ্রুত পার্কটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।
মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, “এখন শেষ পর্যায়ের কাজ চলছে। শুধু বিদ্যুৎ সংযোগ বাকি রয়েছে। জুনের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন হবে বলে আশা করছি। জুলাই মাসে পার্কটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে এবং এ বিষয়ে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।”
স্থানীয়দের প্রত্যাশা, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ শিশু পার্ক চালু হলে শিবচরের বিনোদন ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে এবং এটি এলাকার অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

