রাজধানীর যানজট কমানো ও বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে ঢাকা শহরের চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল দীর্ঘদিন ধরে কার্যত বাস ডিপো ও ওয়ার্কশপে পরিণত হয়েছে। সেখানে দিনের পর দিন বাস মেরামত, রং ও ইঞ্জিনের কাজ চলায় টার্মিনালগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
মন্ত্রী জানান—সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর করা হবে কাঁচপুরে।ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে কেরানীগঞ্জে, কেন্দ্রীয় কারাগারের বিপরীত এলাকায়।গাবতলী বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে হেমায়েতপুরে।মহাখালী বাস টার্মিনাল স্থানান্তর করা হবে উত্তরা-আব্দুল্লাহপুর সংলগ্ন এলাকায়, যেখানে প্রায় ৫০ বিঘা জমি অধিগ্রহণের উদ্যোগ চলছে।
তিনি বলেন, নতুন স্থাপনাগুলো পূর্ণাঙ্গভাবে প্রস্তুত না হওয়া পর্যন্ত কিছু স্থান অস্থায়ীভাবে ডিপো হিসেবে ব্যবহার করা হবে। তবে শহরের ভেতরের টার্মিনালগুলো আর বাসের দীর্ঘমেয়াদি পার্কিং বা মেরামতের কাজে ব্যবহার করতে দেওয়া হবে না।
শেখ রবিউল আলম বলেন, রাজধানীর কলাবাগান, কল্যাণপুরসহ বিভিন্ন এলাকায় রাস্তার পাশে গড়ে ওঠা বাস কাউন্টারগুলো কার্যত অস্থায়ী টার্মিনালে পরিণত হয়েছে। এসব কাউন্টারের সামনে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানো-নামানোর সুযোগ পর্যায়ক্রমে বন্ধ করা হবে।
তার ভাষায়, “কাউন্টারের সামনে বাস এনে যাত্রী ওঠানো যাবে না। নির্ধারিত টার্মিনাল থেকেই বাস ছাড়বে এবং নির্দিষ্ট স্থানেই থামবে।”
মন্ত্রী জানান, একই রুটে বিভিন্ন মালিকের বিচ্ছিন্নভাবে বাস পরিচালনার পরিবর্তে রুটভিত্তিক কোম্পানি গঠন করা হবে। নির্দিষ্ট মান, রং, ফিটনেস ও সেবার মান বজায় রেখে বাস পরিচালনা করতে হবে। এ ক্ষেত্রে ইলেকট্রিক যানবাহন ব্যবহারে সরকার উৎসাহ দিচ্ছে।
মন্ত্রী বলেন, যাত্রীরা যাতে টার্মিনাল ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সে জন্য সিটি করপোরেশন টয়লেট, অপেক্ষাকক্ষ, ফ্যানসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করবে। পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি, স্ট্রিট লাইট ও অন্যান্য ব্যবস্থা জোরদার করবে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী চার থেকে ছয় মাসের মধ্যেই বাস টার্মিনালগুলোর ব্যবস্থাপনায় দৃশ্যমান রিবর্তন দেখা যাবে এবং পরবর্তী দুই থেকে আড়াই বছরের মধ্যে স্থানান্তর কার্যক্রম সম্পন্ন হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

