মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু প্রবাসী কর্মীদের জন্য বিশেষ হটলাইন সেবা চালু করেছে সরকার। রোববার (১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান–ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যগামী বেশিরভাগ আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে যেসব কর্মীর ফ্লাইট বাতিল হয়েছে বা ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকিতে রয়েছে, তাদের প্রয়োজনীয় সহায়তা দেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশনায় সার্বক্ষণিক তথ্য ও সহায়তা প্রদানের জন্য একটি টোল ফ্রি হটলাইন চালু করা হয়েছে। ভুক্তভোগী ও গমনেচ্ছু কর্মীদের ১৬১৩৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, মধ্যপ্রাচ্যগামী তাদের সব ফ্লাইট নির্ধারিত সময় অনুযায়ী পরিচালিত হবে। তবে দোহা, দুবাই ও আবুধাবি ছাড়া অন্যান্য গন্তব্যে ফ্লাইট চালু থাকবে না।
অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইনস জানিয়েছে, সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটগামী আজকের (১ মার্চ) সব ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

