নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গার্মেন্টস কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, এতে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
শুক্রবার (১৯ জুন) সকাল ৮টা ৪০ মিনিটে পাগলার তালতলা এলাকার ‘নির্জন গার্মেন্টস’-এ এ ঘটনা ঘটে। বিস্ফোরণে আরবিন, জাকির, মঞ্জু, শাহীন, সাবিনা, খাদিজাসহ অন্তত ১৫ জন শ্রমিক আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর শ্রমিকরা অভিযোগ করেন, বয়লারের ত্রুটির বিষয়টি আগে থেকেই মালিকপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া কারখানার জরুরি নির্গমন পথ মালামাল দিয়ে বন্ধ থাকায় অনেক শ্রমিক দ্রুত বের হতে পারেননি বলে অভিযোগ ওঠে।
প্রতিবাদে শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে রাখেন, এতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে শ্রমিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

