পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ সেনা দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিয়েছেন, তারা জাতির কাছে চিরস্মরণীয়। তিনি বলেন, পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্বের অন্যতম নৃশংস হত্যাযজ্ঞ।
তিনি আরও বলেন, এ ঘটনার পেছনের উদ্দেশ্য উদঘাটনের জন্য তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও সেই তদন্তের ফলাফল প্রকাশ করা হয়নি। পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয় এবং তাদের প্রতিবেদন পাওয়া গেছে। তবে ওই প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে তখন কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, নতুন করে আর কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিশনের প্রতিবেদনে যে সুপারিশ এসেছে এবং যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি অন্যান্য সুপারিশও ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তিনি মন্তব্য করেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে দুর্বল করার অপচেষ্টা চালানো হয়েছিল, যা কেবল দেশবিরোধী ও স্বাধীনতা-সার্বভৌমত্বে অবিশ্বাসী শক্তির পক্ষেই সম্ভব।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

