AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বুথে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:২৩ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

বুথে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাবন্দি ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। দেশের বিভিন্ন কারাগারে থাকা মোট ৫ হাজার ৯৬০ জন কারাবন্দি ভোটার নিজ নিজ কারাগারে স্থাপিত নির্ধারিত বুথে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচন কমিশনের পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই কারা কর্তৃপক্ষ দেশের বিভিন্ন কারাগারে এই ভোটগ্রহণ কার্যক্রম শুরু করে।

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গিয়ে সরাসরি ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। পরিদর্শনকালে তিনি জানান, সারা দেশের কারাগারগুলোতে থাকা ৫ হাজার ৯৬০ জন বন্দি ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন।

তিনি আরও বলেন, ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় খামসহ পোস্টাল ব্যালট পেপার আগেই ডাকযোগে সংশ্লিষ্ট সব কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে।

আইজি প্রিজন জানান, পূর্বে কারাবন্দিদের ভোটগ্রহণ কার্যক্রম ৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত থাকলেও ৪ ফেব্রুয়ারি সরকারি ছুটি হওয়ায় নির্বাচন কমিশন সময়সীমা বাড়িয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ)-এর সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, বেলা ১১টা থেকে কারাগারের ভেতরে স্থাপিত ১০টি বুথে বন্দি ভোটাররা ভোট প্রদান করছেন, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

তিনি বলেন, ভোটগ্রহণ শুরুর আগে কারাবন্দিদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিয়ম সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভোটাররা নির্ধারিত বুথে প্রবেশ করে শৃঙ্খলা ও নীরবতা বজায় রেখে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

কারা সূত্র জানায়, দেশের সব কারাগারের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ)। এখানে আনুমানিক ৬০০ জনের বেশি কারাবন্দি ভোটার রয়েছেন।

এদিকে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের বিরোধিতাকারী কয়েকজন বন্দিকে কেরানীগঞ্জ বিশেষ কারাগারে রাখা হয়েছে। ওই বিশেষ কারাগারে দুটি বুথে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ চলছে। তবে মঙ্গলবার সেখানে কোনো রাজনৈতিক বন্দি ভোট দেননি। কারা কর্তৃপক্ষ জানায়, আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি রাজনৈতিক বন্দিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভোটদানকারী রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ছাড়া সাবেক পুলিশ কর্মকর্তা ও সাবেক সচিবসহ আরও কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন।

নিয়ম অনুযায়ী, কারাবন্দি ভোটাররা নিজ নিজ নির্বাচনী এলাকার প্রার্থীর পক্ষে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!