মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। ইনিংসের শুরুতে কোনো রান না করেই তিন উইকেট হারিয়ে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ে সফরকারীরা। পরে বৃষ্টির কারণে খেলা ব্যাহত হলে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশের সামনে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য নির্ধারণ করা হয়।
বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে সেই সিদ্ধান্ত তাদের পক্ষে যায়নি। ইনিংসের শুরুতেই বাংলাদেশের বোলারদের তোপে পড়ে দলটি।
প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। ইনিংসের চতুর্থ বলেই ম্যাথু শর্টকে বোল্ড করে টানা দ্বিতীয় ম্যাচে তাকে সাজঘরে ফেরান এই পেসার। এরপর দ্বিতীয় ওভারে মোস্তাফিজুর রহমান পরপর দুটি উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চরম চাপে ফেলে দেন।
কুপার কনোলি উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। একই ওভারের শেষ বলে ম্যাট রেনশোও লিটনের গ্লাভসে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন। ফলে ১,০২৪ ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রান না করেই তিন উইকেট হারানোর লজ্জার রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া।
এরপর অ্যালেক্স ক্যারি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও মোস্তাফিজের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে আউট হন। ক্যামরুন গ্রিন ও অধিনায়ক জশ ইংলিস ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করলেও ১৮তম ওভারে তানভীর ইসলামের শিকার হন ইংলিস।
মাঝে জেভিয়ার বার্টলেট ও মার্নাস লাবুশেন জুটি গড়ে অস্ট্রেলিয়াকে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন। তবে তাসকিন আহমেদের ধারাবাহিক আঘাতে আবারও চাপে পড়ে সফরকারীরা।
এরই মধ্যে বেলা ২টা ৩৮ মিনিটে বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর ওভার কমিয়ে ম্যাচ ৪১ ওভারে নামিয়ে আনা হয়। ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয় ১৯২ রান।
তবে আবহাওয়ার পরিস্থিতির ওপর ম্যাচের পরবর্তী অগ্রগতি এখনও অনেকটাই নির্ভর করছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

