ঢাকার মগবাজারের আদ-দিন হাসপাতালে ছয়টি নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)। কারণ দর্শানোর নোটিশের জবাবে হাসপাতালের দেওয়া জবাব অসন্তোষজনক বিবেচিত হওয়ায় বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. প্রভাত চন্দ্র বিশ্বাস।
ঈদের আগের দিন, বুধবার সকালে আদ-দিন হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে শ্বাসকষ্টে ভুগতে ভুগতে একের পর এক ছয়টি নবজাতকের মৃত্যু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত একটি তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে।
কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত মানুষের উপস্থিতি; দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকা; বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াই শিশুগুলোর মৃত্যুর সম্ভাব্য কারণ। গত ৪ জুন স্বাস্থ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির পর্যবেক্ষণ তুলে ধরেন।
এরপরই ওই হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তিন দিনের মধ্যে তা জানাতে বলা হয়। কিন্তু নোটিশের জবাব দিতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আরো ৪৮ ঘণ্টা সময় চায় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বুধবার বলেছিলেন, হাসপাতাল কর্তৃপক্ষ নোটিশের যে জবাব দিয়েছে তা ‘সন্তোষজনক নয়’।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

