AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শবে বরাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৪৩ এএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

শবে বরাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

পবিত্র শবে বরাতকে মহান আল্লাহর রহমত অর্জনের এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানবসেবায় নিজেকে উৎসর্গ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পবিত্র শবে বরাত উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারাদেশে পালিত হবে পবিত্র শবে বরাত। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতকে মুসলমানরা শবে বরাত হিসেবে পালন করে থাকেন।

এ উপলক্ষে প্রধান উপদেষ্টা বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বাণীতে বলা হয়, শবে বরাত হলো রহমত, মাগফেরাত ও আত্মশুদ্ধির এক বিশেষ রজনী। হাদিসে বর্ণিত আছে, এই রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের প্রতি বিশেষ অনুগ্রহ প্রদর্শন করেন এবং বহু গুনাহ ক্ষমা করে দেন। সে কারণেই এ রাতকে সৌভাগ্যের রাত হিসেবে বিবেচনা করা হয়।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, এই মহিমান্বিত রজনীতে ইবাদত-বন্দেগি, দান-সদকা ও নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ রয়েছে। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করে গুনাহ থেকে বিরত থাকার চেষ্টার মধ্য দিয়ে আল্লাহ তায়ালার অশেষ অনুগ্রহ, বরকত ও ক্ষমা লাভ করা সম্ভব।

তিনি আরও বলেন, পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অনন্য উপলক্ষ হিসেবে গ্রহণ করে আমাদের সবাইকে দেশ ও জাতির কল্যাণে দোয়া করতে হবে এবং মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার বর্জন করে শান্তির ধর্ম ইসলামের সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনকে আলোকিত করার আহ্বান জানান তিনি।

বাণীর শেষাংশে প্রধান উপদেষ্টা বলেন, সর্বশক্তিমান আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন এবং হেফাজতে রাখেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!