AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন পে-স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না: জ্বালানি উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫২ পিএম, ২৭ জানুয়ারি, ২০২৬

নতুন পে-স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না: জ্বালানি উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি স্পষ্ট করে বলেন, পে-কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হলেও তা বাস্তবায়নের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর মাত্র প্রায় ১৫ দিন থাকায় এই সময়ে নতুন পে-স্কেল কার্যকরের মতো বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। নির্বাচনের পর দায়িত্ব গ্রহণকারী সরকার চাইলে পে-কমিশনের সুপারিশ বাস্তবায়ন, সংশোধন কিংবা বাতিল—যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে।

তিনি আরও বলেন, প্রস্তাবিত পে-স্কেল পরবর্তী সরকারের ওপর কোনো বাধ্যবাধকতা বা চাপ সৃষ্টি করবে না।

পে-স্কেল নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির বিষয়ে মন্তব্য করে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দীর্ঘ সময় নতুন বেতন কাঠামো না থাকায় সরকারি কর্মচারীদের পক্ষ থেকে পে-কমিশন গঠনের দাবি উঠেছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতেই কমিশন গঠন এবং প্রতিবেদন প্রণয়ন করা হয়। তবে প্রতিবেদন তৈরি হওয়া মানেই তা কার্যকর করা হচ্ছে—এমনটি নয়।

তিনি জানান, পে-কমিশনকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে আন্দোলন ও বিক্ষোভ হয়েছে। অন্তর্বর্তী সরকার চেয়েছে, যেন পরবর্তী নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার সময় কোনো প্রশাসনিক অচলাবস্থার মুখে না পড়ে এবং তাদের কাজের পথ সহজ হয়।

জ্বালানি উপদেষ্টা বলেন, পে-কমিশনের প্রতিবেদনের কারণে বাজারে নিত্যপণ্যের দামে প্রভাব পড়ার কোনো বাস্তব ভিত্তি নেই। সুপারিশগুলো পর্যালোচনার জন্য কেবল একটি কমিটি গঠন করা হয়েছে, বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!