আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে। এসব আপিলের শুনানি আজ শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে। এই প্রক্রিয়া আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।
ইসির নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরদিন রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করা হবে।
বাকি আপিলগুলোর শুনানির তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে কমিশন জানিয়েছে।
শুক্রবার ছিল আপিল দাখিলের শেষ দিন। এদিন সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে প্রার্থীরা নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে আপিল আবেদন জমা দেন।
ইসি সূত্র জানায়, দাখিল হওয়া আপিলের বড় অংশই স্বতন্ত্র প্রার্থীদের। এক শতাংশ ভোটারের সমর্থন প্রমাণে ব্যর্থতা, স্বাক্ষরের অসঙ্গতি, ঋণখেলাপি হওয়া কিংবা মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল।
তবে ত্রুটি সংশোধনের সুযোগ থাকায় সংশ্লিষ্ট প্রার্থীরা আপিলের মাধ্যমে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছেন।
নির্বাচনের সময়সূচি অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

