আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজিত এক সভায় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট পরিপত্র আজকের মধ্যেই জারি হতে পারে। ওই পরিপত্রে যৌথবাহিনীর কার্যক্রম ও দায়িত্বের গুরুত্বপূর্ণ দিকগুলো স্পষ্টভাবে উল্লেখ থাকবে।
সানাউল্লাহ জানান, নির্বাচন উপলক্ষে যৌথবাহিনীর অভিযান সারা দেশে একযোগে পরিচালিত হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সকল বাহিনী প্রধানদের বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং সংশ্লিষ্ট সব হেডকোয়ার্টারকে বিষয়টি অবহিত করা হয়েছে।
যৌথবাহিনীর অভিযানের প্রধান লক্ষ্য তিনটি উল্লেখ করে তিনি বলেন, প্রথমত নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রের যে মজুদ ও সরবরাহ রয়েছে, তা উদ্ধার করা। যেসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে না, সেগুলো যেন কোনো অপরাধে ব্যবহৃত না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
দ্বিতীয়ত, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। আর তৃতীয়ত, নির্বাচন সংশ্লিষ্ট দল ও প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের গুরুতর ঘটনাগুলো যৌথবাহিনী তদারকি করবে। ছোটখাটো অনিয়ম রুটিন দায়িত্বপ্রাপ্ত কমিটিগুলো দেখবে বলেও জানান তিনি।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিয়েও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন সানাউল্লাহ। তিনি বলেন, ক্যাম্পগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। পাশাপাশি স্থলসীমান্ত ও সমুদ্রপথে নজরদারি জোরদার করতে হবে, যাতে দুষ্কৃতিকারীরা কোনোভাবেই এসব এলাকা ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

