পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা–২০২৬। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর যৌথ আয়োজনে মাসব্যাপী এ মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৪ নম্বর সেক্টরে অবস্থিত মেলার স্থায়ী ভেন্যুতে আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এটি পূর্বাচলে পঞ্চমবারের মতো আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে চলতি বছরের ‘বর্ষ পণ্য’ হিসেবে পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টস ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিবির ভাইস চেয়ারম্যান (প্রধান নির্বাহী) অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ, এফবিসিসিআইয়ের প্রশাসক অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।
এবারের মেলায় ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়াসহ ১১টি দেশের বিদেশি প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। দেশি ও বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে মোট ৩২৪টি স্টল ও প্যাভিলিয়নে বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।
পরিবেশ সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে মেলা প্রাঙ্গণে পলিথিন ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দর্শনার্থীদের জন্য প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ব্যক্তি ও জুলাই আন্দোলনে আহতরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।
দেশীয় পণ্যের প্রচার ও বিপণন সম্প্রসারণের পাশাপাশি শিল্প উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে ১৯৯৫ সাল থেকে নিয়মিতভাবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করে আসছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

