পিরোজপুরে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের জন্য নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) বা অসংক্রামক রোগ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে ৪৮তম বিসিএসের মাধ্যমে নবনিযুক্ত মেডিকেল অফিসাররা অংশগ্রহণ করেন। বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। দুই দিনব্যাপী এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত প্রায় ৩৯ জন মেডিকেল অফিসার ও ডেন্টাল সার্জন অংশ নেন।
প্রশিক্ষণে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগের প্রতিরোধ, শনাক্তকরণ এবং চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের রোগ নির্ণয়, রোগী ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধির কৌশল সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডা. শামীম জুবায়ের এবং বরিশাল বিভাগের সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. রুহুল আমীন।
বক্তারা বলেন, দেশে ক্রমবর্ধমান অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দক্ষ ও প্রশিক্ষিত চিকিৎসক তৈরির কোনো বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

