AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০৭ পিএম, ২৫ জুন, ২০২৬

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টায় বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বৈঠকে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী লি কিয়াং।

বাংলাদেশের প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ হাসান আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী। এ সময় চীনের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি রাষ্ট্রীয় সম্মানসূচক তোপধ্বনিও দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন করেন এবং নিজ নিজ প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে পরিচয় পর্বে অংশ নেন।

সফর উপলক্ষে তিয়েনআনমেন স্কয়ারসংলগ্ন গ্রেট হল অব দ্য পিপল এবং আশপাশের এলাকায় বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা দিয়ে সাজসজ্জা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, নদী ব্যবস্থাপনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনাও রয়েছে।

বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং নৈশভোজের আয়োজন করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম চীন সফর। এর আগে মালয়েশিয়া সফর শেষে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি সম্মেলনে অংশ নিতে চীনের দালিয়ান শহরে যান। সেখানকার কর্মসূচি শেষ করে বুধবার বুলেট ট্রেনে বেইজিং পৌঁছান তিনি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!