বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা (ট্যুরিস্ট ভিসা) পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনায় অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, আগামী রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা কার্যক্রম চালু করা হবে।
প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ সময় পর ভারতীয় পর্যটন ভিসা পুনরায় চালুর এ ঘোষণাকে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা ও পর্যটন খাতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তবে ভিসা আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়া এবং প্রতিদিন কতসংখ্যক ভিসা ইস্যু করা হবে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি। ভারতীয় হাইকমিশন শিগগিরই এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বিভিন্ন কারণে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা কার্যক্রম সীমিত ছিল। নতুন এ সিদ্ধান্তের ফলে ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের জন্য দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

