বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার দাফন ও শেষকৃত্য উপলক্ষে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন।
আগামী বুধবার (৩১ ডিসেম্বর) নামাজে জানাজা শেষে সাবেক এই প্রধানমন্ত্রীর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডিএন ডুঙ্গেল এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মার ঢাকায় আগমনের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া জানাজায় অংশ নিতে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জুর বিশেষ দূত ঢাকায় আসবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
তার মৃত্যুতে বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ব নেতাদের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে। জানাজায় অংশগ্রহণের জন্য একাধিক দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধির ঢাকায় আগমন আন্তর্জাতিক অঙ্গনে তার রাজনৈতিক গুরুত্বের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

