আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অনলাইনভিত্তিক পোস্টাল ভোট নিবন্ধনে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে এখন পর্যন্ত ৮ লাখ ৩ হাজার ৩৮৩ জন নাগরিক সফলভাবে নিবন্ধন সম্পন্ন করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়।
ইসি সূত্র জানায়, গত ১৯ নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিনই নতুন নতুন আবেদন জমা পড়ছে এবং নিবন্ধন সম্পন্নকারীরা নিজ নিজ অবস্থান থেকেই ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতেই এই বিশেষ অ্যাপ চালু করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীনসহ বিশ্বের অন্তত ৪৬টি দেশে এই পোস্টাল ভোট নিবন্ধন কার্যক্রম কার্যকর রয়েছে। পাশাপাশি, দেশের অভ্যন্তরে এমন ভোটাররাও এই ব্যবস্থার আওতায় আসছেন, যারা বিশেষ কারণে ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারবেন না।
নির্বাচন কমিশন জানিয়েছে, নিবন্ধন সফল হলে ভোটারদের নির্ধারিত ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হবে। ভোট প্রদান শেষে ব্যালটটি নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসব পোস্টাল ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে।
আধুনিক প্রযুক্তির ব্যবহার নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা ও অংশগ্রহণ বাড়াবে বলে আশা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

