তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ সারাদেশ। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়।
এদিকে ভূমিকম্পে বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়ে রাজধানীর বংশালে অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার ডিউটি অফিসার।
তিনি জানিয়েছেন, বংশালের কসাইতলীতে এক পাঁচ তোলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিনজন পথচারি নিহত হন।
ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর কেন্দ্রস্থল নরসিংদীর ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। এটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে। এটি মাঝারি ধরনের।
ফায়ার সার্ভিস জানায়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোন ক্ষয়ক্ষতি নাই।
আরমানিটোলা কসাইটুলি ৮ তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়। ভবনের কোন ক্ষতি সাধন হয়নি। পলেস্তারার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছিলো। ফায়ার সার্ভিস যাওয়ার পরে কোন হতাহত পায়নি।
খিলগাঁও নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা একটি ভবনে একটি ইট পড়ে একজন আহত হয়েছে।
ফায়ার সার্ভিস আরো জানায়, বারিধারা ব্লক-এফ, রোড-৫ এ একটি বাসা বাড়িতে আগুনের সংবাদ পাওয়া গেছে। বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট অগ্নিনির্বাপনে কাজ করছে। আগুনটি ভূমিকম্পের জন্য কিনা তা জানা যায়নি।

এছাড়া, সূত্রাপুর স্বামীবাগ আট তলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। সূত্রাপুর স্টেশন ঘটনাস্থলে গেছে।
কলাবাগানের আবেদখালী রোড একটি ৭ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ১টি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ভবন ঠিক আছে, লোকজন আতঙ্কিত হয়ে ফোন করেছিল।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

