জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং নভেম্বরের মধ্যেই তার ওপর গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি বাস্তবায়নে নতুন কর্মসূচি দিয়েছে যুগপৎ আন্দোলনে থাকা আটটি রাজনৈতিক দল।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে ফ্যাসিবাদবিরোধী অপতৎপরতা মোকাবিলায় সর্বস্তরের জনশক্তি নিয়ে দেশব্যাপী রাজপথে অবস্থান কর্মসূচি পালন করা হবে।শুক্রবার (১৪ নভেম্বর) ৫ দফা দাবির পক্ষে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল হবে।
রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টায় আট দলের শীর্ষ নেতাদের বৈঠক ও দুপুর ১২টা ৩০ মিনিটে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, যদি এর আগেই জনগণের ৫ দফা গণদাবি বাস্তবায়নের ঘোষণা না আসে, তবে ১৬ নভেম্বরের সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় ও যমুনার সামনে অনির্দিষ্টকাল অবস্থানের কর্মসূচি দেওয়া হবে।
এই ৫ দফা দাবির মধ্যে রয়েছে— জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, নভেম্বরেই গণভোট আয়োজন,রাজনৈতিক বন্দিদের মুক্তি, নাগরিক অধিকার পুনর্বহাল , এবং অবাধ গণমাধ্যম নিশ্চয়তা।
বৈঠকে অন্যান্য শরিক দলের নেতারা বলেন, “জাতীয় সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি। জনগণের রায় অমান্য করা হলে গণআন্দোলন অনিবার্য হয়ে উঠবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

