২০২৭ সালের হজ পালন উপলক্ষে সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের পর মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) প্যাকেজ দুটি ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, হজ প্যাকেজ-১-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
হজ প্যাকেজ-১
এই প্যাকেজে অংশগ্রহণকারী হজযাত্রীরা মক্কায় হারাম শরিফের বহিঃচত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে আবাসন সুবিধা পাবেন। মদিনায় তাদের থাকার ব্যবস্থা থাকবে মারকাজিয়া এলাকায়। মিনায় জোন-২–এ তাঁবুর ব্যবস্থা করা হবে। এছাড়া মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’-এর আওতায় মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানের সময়কাল হবে ৩৫ থেকে ৪০ দিন।
হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)
এই প্যাকেজের আওতায় মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে হোটেলে আবাসনের ব্যবস্থা থাকবে। মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে, মসজিদে নববী থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে থাকার ব্যবস্থা করা হবে। মিনায় জোন-৫–এ তাঁবুর ব্যবস্থা থাকবে এবং মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’-এর অধীনে মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে।
হোটেল হারাম শরিফ থেকে দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি আরবের নিয়ম অনুযায়ী সালাওয়াত বাসের সুবিধা দেওয়া হবে।
ধর্মমন্ত্রী জানান, নির্ধারিত প্যাকেজের বাইরে অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেডেশন এবং স্বল্পমেয়াদি (শর্ট) প্যাকেজ সুবিধাও গ্রহণ করা যাবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

