জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর কুমামোটো শহরের একটি শপিংমলের অংশ ধসে পড়ে বহু মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে দেশটির দমকল বাহিনী। এ ঘটনায় অন্তত ২০ থেকে ৩০ জন নিখোঁজ থাকতে পারেন বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। খবর বিবিসির।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ভূমিকম্পের তীব্রতায় শপিংমলের দ্বিতীয় তলার একটি অংশ ধসে পড়ে। এতে ভেতরে থাকা অনেকেই আটকা পড়েন। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন।
তবে নিখোঁজের সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি জাপান কর্তৃপক্ষ।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা ২৭ মিনিটে কিউশু দ্বীপের অভ্যন্তরীণ এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। এর প্রভাবে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ভূমিকম্পের কারণে একটি ফুটওভার ব্রিজ সম্পূর্ণ ধসে পড়েছে। তবে এর পাশের সড়ক দিয়ে যানবাহন চলাচল অব্যাহত রয়েছে।
ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এবং হতাহতের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। উদ্ধার অভিযান চলমান রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

