গাজীপুরের কালীগঞ্জে বিধবা মাসুমা বেগমের বসতবাড়িতে হামলা, লুটপাট, সম্পত্তি জবরদখল, মার্কেট নির্মাণ, কিন্ডারগার্টেন স্কুল ও অফিস নির্মাণ করে ভাড়া দেওয়ার অভিযোগে ওমর ফারুক শেখ গংয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মৃত মো. সিরাজুল ইসলামের স্ত্রী মাসুমা বেগম।
সংবাদ সম্মেলনে মাসুমা বেগম অভিযোগ করেন, বড়গাঁও গ্রামের মৃত নরুল ইসলাম শেখের ছেলে আব্দুল আউয়াল শেখ এবং তার ছেলে ওমর ফারুক শেখ, আলমগীর হোসেন শেখ বকুল ও জাইদুল ইসলাম শেখ দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষের জমি জবরদখল করে আসছেন। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে হয়রানি, হামলা ও মামলার শিকার হতে হয় বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, তাঁর স্বামী ২০১০ সালের ৮ জুলাই ৬০৩৯ নম্বর হেবার ঘোষণাপত্র রেজিস্ট্রি দলিলের মাধ্যমে ২৭ দশমিক ৫০ শতাংশ জমি তাঁর নামে প্রদান করেন। পরবর্তীতে তিনি ওই জমি নামজারি ও জমাভাগ করে ১৫৩৯ নম্বর হোল্ডিং খুলে নিয়মিত খাজনা পরিশোধ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।
মাসুমা বেগম অভিযোগ করেন, স্বামীর মৃত্যুর পর ওমর ফারুক শেখ গং ওই সম্পত্তি দখলের উদ্দেশ্যে তাঁর পরিবারের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। সম্পত্তি রক্ষায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, কালীগঞ্জ থানা ও গাজীপুর পুলিশ সুপারের কাছে আবেদন করলেও কাঙ্ক্ষিত আইনি সহায়তা পাননি বলে দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, ২০২২ সালের ২১ অক্টোবর সকাল ১১টার দিকে অভিযুক্তরা তাঁর বাড়িতে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির ৩৫ থেকে ৪০টি গাছ কেটে নিয়ে যায়। পরে ঘরের আসবাবপত্র, টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুটপাট করে বসতবাড়ি ও টিনশেড ঘর দখল করে এবং ঘরের মালামাল আগুনে পুড়িয়ে দেয়।
মাসুমা বেগম বলেন, বর্তমানে এক প্রতিবন্ধী সন্তানসহ চার সন্তানকে নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন। সম্পত্তি উদ্ধারে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও অভিযোগ করেন, ওমর ফারুক শেখ গং বড়গাঁও গ্রামের পাচু শেখের ছেলে ফিরোজ আলী, আসমত আলী, সুলতান উদ্দিন, হেকমত আলী ও মুসকত আলীর জমি জবরদখল করে সেখানে নুরে মদিনা কওমি মাদ্রাসার কার্যক্রম পরিচালনার জন্য অনুমতি দিয়েছেন এবং সেখান থেকে নিয়মিত ভাড়া আদায় করছেন।
সংবাদ সম্মেলনে মাসুমা বেগম অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁর সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাসুমা বেগমের ছেলে মো. মেহেদী হাসান শেখ, মো. আনা নুর ইসলাম শেখ সাকিল, মো. মিনহাজুর রহমান শেখ, মো. মাজহারুল ইসলাম শেখ এবং তাঁর বোন মোসা. হালিমা বেগম, মোসা. আলেয়া বেগম ও মোসা. সালমা বেগম।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

