AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে মাদক কারবারির তথ্যদাতাকে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৫:৩৯ পিএম, ২৮ জুলাই, ২০২৬

বাউফলে মাদক কারবারির তথ্যদাতাকে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা

মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, পারিবারিক সহিংসতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাউফল উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “অপপ্রচার, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে রক্ষা করতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।

এ সময় তিনি ঘোষণা দেন, মাদক কারবারিদের সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করলে তথ্যদাতাকে নগদ ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ওসি সিরাজুল ইসলাম বলেন, মাদক নির্মূল, কিশোর অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে তিনি জনগণের তথ্যভিত্তিক সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, প্রশাসনের একার পক্ষে সমাজের সব সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ গড়তে জনগণের সচেতন অংশগ্রহণ এবং সামাজিক দায়বদ্ধতার কোনো বিকল্প নেই।

সভায় বক্তারা পারিবারিক মূল্যবোধ জোরদার, অপপ্রচার প্রতিরোধ, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধ এবং কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভার শেষে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগে একটি নিরাপদ, মাদকমুক্ত, সুশৃঙ্খল ও সম্প্রীতির বাউফল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!