ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত যোশিকে দায়িত্ব থেকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার স্থলে নতুন শিক্ষা সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নরেশ পাল গঙওয়ার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) এ প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দায়িত্ব পাওয়ার আগে নরেশ পাল গঙওয়ার কেন্দ্রীয় সরকারের মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে বিনীত যোশিকে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছে।
তবে এ পরিবর্তনের পরও যন্তর মন্তরে অবস্থানরত বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় অবস্থান নিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা (নিট)–এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন শুরু হয়। ফেসবুকভিত্তিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে। পরে ২৮ জুন থেকে পরিবেশ ও জলবায়ু আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুকও অনশন কর্মসূচিতে যোগ দেন।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হতাশ হয়ে বিভিন্ন রাজ্যে মেডিকেল ভর্তি-ইচ্ছুক ১২ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে শিক্ষা সচিবের বদলির পর বৃহস্পতিবার রাতে সোনাম ওয়াংচুক তার অনশন কর্মসূচি প্রত্যাহার করেন। বর্তমানে তিনি চিকিৎসার জন্য মেদান্ত হাসপাতালে ভর্তি রয়েছেন।
সূত্র: এনডিটিভি
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

