টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে সবজি ও মাছের দাম। উৎপাদন ব্যাহত হওয়া এবং সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ সবজির দাম গত সপ্তাহের তুলনায় আরও বেড়েছে। একই সঙ্গে ব্রয়লার মুরগি ও কয়েক ধরনের মাছের দামও ঊর্ধ্বমুখী হওয়ায় নিত্যপ্রয়োজনীয় বাজার করতে গিয়ে বাড়তি খরচ গুনতে হচ্ছে সাধারণ মানুষকে।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে বর্তমানে কাঁচামরিচ প্রতি কেজি ২০০ থেকে ২৪০ টাকায়, কোথাও কোথাও ২৬০ টাকাতেও বিক্রি হচ্ছে। শসা ১২০ টাকা, বরবটি ১০০ থেকে ১২০ টাকা, পটল ৮০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, বেগুন ১২০ থেকে ১৫০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা এবং কাঁকরোল ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একটি লাউ কিনতে গুনতে হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা।
বিক্রেতাদের ভাষ্য, বন্যা ও অতিবৃষ্টিতে বিভিন্ন এলাকায় সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। পাশাপাশি পরিবহন সমস্যার কারণে পাইকারি বাজারেও দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে।
কারওয়ান বাজারের এক সবজি বিক্রেতা জানান, পর্যাপ্ত সরবরাহ না থাকায় পাইকারি বাজার থেকেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে। ফলে খুচরা পর্যায়েও দাম বাড়াতে হচ্ছে। আরেক বিক্রেতার মতে, বৃষ্টির কারণে পরিবহন ব্যাহত হওয়ায় স্বাভাবিক সরবরাহ ফিরতে সময় লাগতে পারে।
দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। অনেকেই বলছেন, কয়েক সপ্তাহ আগের তুলনায় একই পরিমাণ বাজার করতে এখন অনেক বেশি টাকা খরচ হচ্ছে। প্রয়োজনীয় সব পণ্য কেনাও কঠিন হয়ে পড়েছে।
অন্যদিকে মুরগির বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। সোনালি ও লেয়ার মুরগির দাম রয়েছে কেজিপ্রতি প্রায় ৩৫০ টাকা।
তবে মাংসের বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন নেই। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ডিমের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। লাল ডিমের ডজন ১৩৫ টাকা এবং সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে মাছের বাজারেও কিছুটা দাম বেড়েছে। রুই ও কাতলা মাছ প্রতি কেজি ৩৫০ থেকে ৪০০ টাকা, চাষের পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, চাষের কৈ ২০০ টাকা এবং তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছ বিক্রেতাদের মতে, বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা থেকে মাছ পরিবহনে সমস্যা এবং পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় কয়েকটি প্রজাতির মাছের দাম বেড়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

