রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। একাধিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আজই আসতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান অবগত রয়েছেন। তবে রাষ্ট্রপতির কার্যালয় থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের খবরের মধ্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের আগেই বিদেশ সফর শেষে শুক্রবার দেশে ফিরছেন বলে জানা গেছে।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি। তাই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত এটি সম্ভাব্য পদত্যাগ সংক্রান্ত তথ্য হিসেবেই বিবেচিত হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

