ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কয়েকদিন ধরেই উত্তাল দিল্লি। সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে এবার রাস্তায় নেমেছেন কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন বামপন্থি ছাত্র সংগঠনের সদস্যরা। সেখানে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ডাফলি বাজিয়ে ও ছন্দ মিলিয়ে মোদীবিরোধী নানা স্লোগান দেওয়া হয়।
এছাড়া, দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমেছেন কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
এদিন আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পার্ক সার্কাস ক্যাম্পাস থেকে ‘মহামিছিল ও সংহতি সভা’ শীর্ষক একটি ব্যানার সামনে রেখে মিছিল বের করেন।
সেই মিছিল থেকেও মোদীবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানানো হয়। মিছিলে শিক্ষার্থীরা ‘নরেন্দ্র মোদি হায় হায়’, ‘বিজেপি সরকার হায় হায়’, ‘বিজেপি সরকার গো ব্যাক’ এবং ‘দেশ বাঁচানোর তাগিদে জোট বাঁধো, তৈরি হও’-এর মতো বিভিন্ন স্লোগান দেন।
কলকাতায় নয়, দিল্লির এই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে কলকাতার বাইরেও। রাজ্যের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

