ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর-মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বলপ্রয়োগের অভিযোগ নিয়ে করা এক আবেদনের জরুরি শুনানির আবেদন গ্রহণ করেননি দেশটির প্রধান বিচারপতি সূর্য কান্ত।
শুনানির সময় আবেদনকারীর আইনজীবী পুলিশের লাঠিচার্জের ভিডিও ফুটেজ আদালতে উপস্থাপনের প্রস্তাব দিলে প্রধান বিচারপতি বলেন, ‘ভিডিও দেখার সময় আমাদের নেই।’
টাইমস অব ইন্ডিয়া জানায়, বুধবার (২২ জুলাই) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে বিষয়টি উত্থাপন করা হয়। বেঞ্চে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি. মোহনা উপস্থিত ছিলেন।
আবেদনকারীর আইনজীবী আদালতকে জানান, সোমবার যন্তর-মন্তরে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ রয়েছে এবং এ বিষয়ে ভিডিও ফুটেজও রয়েছে। তিনি মামলাটি দ্রুত শুনানির জন্য তালিকাভুক্ত করার আবেদন জানান।
তবে প্রধান বিচারপতি সেই অনুরোধ নাকচ করে বলেন, ‘ভিডিওতে আমাদের কোনো আগ্রহ নেই। আমাদের তা দেখার সময়ও নেই।’ দেশটির সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, আইনজীবী পুনরায় ভিডিওর প্রসঙ্গ তুললে প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের সময় নষ্ট করবেন না। আমরা কোনো ভিডিও দেখতে চাই না।’
ঘটনাটি ঘটে সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে আয়োজিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজারো শিক্ষার্থী ও তরুণ সংসদের দিকে মিছিল করেন। বিক্ষোভকারীরা পুলিশি ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় বিক্ষোভকারী ও পুলিশ-উভয় পক্ষের কয়েকজন আহত হন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

