ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ চলাকালে পুলিশি অভিযানের বিষয়ে নতুন দাবি করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
তার অভিযোগ, পুলিশ সদস্যরা তাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার সময় ব্যক্তিগতভাবে মোদি সরকারের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। এ তথ্য প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।
বুধবার (২২ জুলাই) এক সংবাদ সম্মেলনে শিক্ষাব্যবস্থা-সংক্রান্ত ইস্যুতে কথা বলতে গিয়ে রাহুল এই দাবি করেন। এর আগে মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী লোক কল্যাণ মার্গের বাসভবনের সামনে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেসের জ্যেষ্ঠ নেতারা অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
রাহুলের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভস্থল থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে পুলিশ তাকে এবং অন্য নেতাদের সেখান থেকে সরিয়ে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির দৃশ্যও দেখা যায়। ওই ঘটনার পর রাহুল দাবি করেন, তাকে সরিয়ে নেওয়ার সময় কয়েকজন পুলিশ সদস্য কানে কানে বলেন, ‘এই সরকারকে হটাও।’
সংবাদ সম্মেলনে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে রাহুল বলেন, পুলিশ সদস্যরা নিজেদের বিভিন্ন রাজ্যের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে জানাচ্ছিলেন যে তারা কেবল দায়িত্ব পালন করছেন। তার দাবি, পুলিশ নির্দেশ পালন করতে বাধ্য হলেও ঘটনার সঙ্গে তারা ব্যক্তিগতভাবে একমত নন।
রাহুল আরও বলেন, পুলিশ সদস্যরাও বুঝতে পারছেন কী ঘটছে এবং শিক্ষার্থীদের মধ্যে তারা নিজেদের সন্তানদের প্রতিচ্ছবি দেখছেন। তবে পুলিশের পক্ষ থেকে রাহুলের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

