হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দুটি দেশে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার (৮ জুলাই) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আইআরজিসির দাবি, তাদের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে মোট ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটি রয়েছে।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরানের হরমোজগান ও মাহশাহর উপকূলীয় অঞ্চলের সামরিক ঘাঁটি এবং কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালায়। ওই হামলার জবাব হিসেবে এবং যুদ্ধবিরতি ও ইসলামাবাদ চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।
সংস্থাটি আরও দাবি করেছে, সাম্প্রতিক মার্কিন হামলাগুলো ইরানের সাবেক সর্বোচ্চ নেতার দাফন প্রক্রিয়ার সময় সংঘটিত হয়েছে এবং এর মাধ্যমে ঐতিহাসিক ঘটনাটিকে আড়াল করার চেষ্টা করা হয়েছে।
এদিকে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়া হবে এবং এ ধরনের পদক্ষেপের কোনো ছাড় দেওয়া হবে না।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের নিরাপদ চলাচলের একমাত্র গ্রহণযোগ্য পথ ইরানের নির্ধারিত রুট। পাশাপাশি, ইরানের দাবি, সাম্প্রতিক মার্কিন হামলা গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতির পরিপন্থী।
সূত্র: আল জাজিরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

