গত মাসের শেষদিকে ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং গৃহহীন হয়েছেন অন্তত ১৭ হাজার ৮৫৪ জন। মঙ্গলবার (৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সর্বশেষ সরকারি হিসাব তুলে ধরে জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরায় ৮০টি আশ্রয়কেন্দ্রে অন্তত ১২ হাজার ৮০০ মানুষ আশ্রয় নিয়েছেন।
গত ২৪ জুন কয়েক সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প কারাকাস, লা গুয়াইরা এবং আশপাশের এলাকায় আঘাত হানে। এতে আনুমানিক ৬০ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
এদিকে দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে নতুন করে স্বাস্থ্যসংকটের আশঙ্কা দেখা দিয়েছে। হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ জনাকীর্ণ অস্থায়ী আশ্রয়কেন্দ্র বা খোলা আকাশের নিচে বিশুদ্ধ পানির পর্যাপ্ত সুবিধা ছাড়াই অবস্থান করছেন। পাশাপাশি বহু মানুষ চিকিৎসাবিহীন আঘাত ও সংক্রামক রোগে ভুগছেন। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে দেশটির স্বাস্থ্যব্যবস্থা।
কারাকাসের হোসে গ্রেগোরিও হার্নান্দেজ হাসপাতালের ট্রমা ইউনিটের প্রধান ইউজেনিয়ো কোভা বলেন, দীর্ঘ সময় দুর্যোগকবলিত পরিবেশে থাকার কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।
তিনি বলেন, “আমরা ইতোমধ্যেই একটি জটিল মানবিক সংকটের মধ্য দিয়ে গিয়েছি। সামনে আরও নানা চ্যালেঞ্জ রয়েছে। সংক্রমণের ঝুঁকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং স্বাস্থ্যসংক্রান্ত উদ্বেগও বাড়ছে।”
গত সপ্তাহে লা গুয়াইরা অঞ্চলের একটি আশ্রয়কেন্দ্র থেকে আল জাজিরার এক সংবাদদাতা জানান, সেখানে ডায়রিয়া ও অন্যান্য সংক্রামক রোগে আক্রান্তের ঘটনা বাড়ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

