ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন প্রক্রিয়া চলাকালে দেশটির বিভিন্ন স্থানে বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সর্বশেষ অভিযানে ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
সেন্টকমের তথ্য অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতা। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যপথে হামলার সক্ষমতা কমিয়ে আনতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ৬০টিরও বেশি ছোট নৌযানেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
মার্কিন বাহিনীর ভাষ্য, হরমুজ প্রণালি অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। যুক্তরাষ্ট্র ওই হামলাকে আন্তর্জাতিক নৌপরিবহনের জন্য হুমকি এবং যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।
অন্যদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়ে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার বা অস্বীকার করেনি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়েছে, হামলার সময় কেশম দ্বীপ ও হরমুজ প্রণালির খার্গ দ্বীপ এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় জড়িত বলে সন্দেহ করা অবকাঠামো ও সামরিক সক্ষমতাকে লক্ষ্য করেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

