হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে এতে থাকা দুই পাইলটই নিরাপদ রয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৯ জুন) নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ সংস্থা এএফপি এই খবর প্রকাশ করেছে।
মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস দুইজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে জানায়, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ‘অ্যাপাচি’ হেলিকপ্টার ছিল। তবে এটি শত্রুপক্ষের হামলায় ভূপাতিত হয়েছে নাকি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নিউইয়র্কে একটি বাস্কেটবল ফাইনাল খেলা শেষে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, পাইলটরা সুস্থ আছেন এবং কোনো ধরনের আহত হওয়ার ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ নিয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং বুধবার এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাত সাময়িকভাবে স্থগিত হয়েছে এবং অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে হরমুজ প্রণালি ও ওমান উপসাগর এলাকায় ইরান ও পশ্চিমা জোটের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই এ ধরনের সামরিক হেলিকপ্টার দুর্ঘটনা নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

