শ্রীলঙ্কার একটি কারাগারে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (৬ জুলাই) দেশটির রাজধানী কলম্বোর উত্তরে অবস্থিত নেগোম্বো হাসপাতালের পরিচালক পুষ্পা গামলাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান, সংঘর্ষের পর এখন পর্যন্ত হাসপাতালের মর্গে চারজন কারারক্ষী ও ১৫ জন বন্দির মরদেহ আনা হয়েছে।
তিনি আরও জানান, আহত ১০০ জনের বেশি বন্দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে কারাগারের ভেতরে কী কারণে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। ঘটনার কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

