যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পশ্চিমাঞ্চলীয় হোয়াইট সিটি এলাকায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় ব্যাপক উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস।
লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে নিউজিল্যান্ড ওয়ে এলাকার একটি একতলা প্যাভিলিয়নে আগুন লাগার খবর পেয়ে জরুরি সেবা কার্যক্রম শুরু করা হয়। আগুন নিয়ন্ত্রণে ১৫টি ফায়ার ইঞ্জিন এবং প্রায় ১০০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুনে ভবনটির অর্ধেকেরও বেশি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে তিনজন পুরুষকে বের করে এনে তাৎক্ষণিক চিকিৎসা দেন। তাদের মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া আরেকজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১৯টি জরুরি কল পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আশপাশের কয়েকটি ফায়ার স্টেশন থেকেও অতিরিক্ত ইউনিট পাঠানো হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর রাত ৯টা ২৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এদিকে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে লন্ডন ফায়ার ব্রিগেডের বিশেষ তদন্ত দল কাজ শুরু করেছে। তদন্তে সহায়তা করছে স্থানীয় পুলিশও।
কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং নিহতদের পরিচয় শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

